চট্টগ্রামে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

চট্টগ্রামে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘চট্টগ্রাম ট্রাভেল মার্ট’-এর ১৬তম আসর শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) নগরীর জিইসি সার্কেল এলাকার দ্য পেনিনসুলা চিটাগং হোটেলের ডালিয়া হলে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। দেশের ভ্রমণ ও পর্যটনবিষয়ক প্রকাশনা দ্য বাংলাদেশ মনিটর আয়োজিত এ মেলার টাইটেল স্পন্সর হসপিটালিটি বিনিয়োগ প্রতিষ্ঠান ছুটি বে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ছুটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এবং দ্য পেনিনসুলা চিটাগংয়ের পরিচালক সৈয়দ মোস্তফা তাহসীন আরশাদ। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বাণিজ্যিক শহর হিসেবে চট্টগ্রাম পরিচিত। তবে এর বাইরে চট্টগ্রাম পর্যটন শহর হিসেবেও পরিচিত। চট্টগ্রামে পর্যটন খাতকে বিকশিত করতে হলে আন্তর্জাতিক বিমানবন্দরকে আরও সমৃদ্ধ করতে হবে। জিডিপি নির্ভর করে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের মধ্যে গার্মেন্টস, মানবসম্পদ, কৃষি ও পর্যটন অন্যতম। বিশেষ করে পর্যটন খাতের বিকাশে নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্নভাবে এ খাতের উন্নয়নে কাজ করার চেষ্টা করছি।
মেয়র বলেন, কাজীর দেউড়িতে হাঁটার সুবিধাসহ সিটি সেন্টার করা হবে। ইতোমধ্যে আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে তিন একর জায়গা পেয়েছি। এর বিনিময়ে কালুরঘাট এলাকায় হাসপাতাল করার জন্য তাদের আট একর জায়গা দিয়েছি। সব মিলিয়ে চট্টগ্রামকে পরিবেশবান্ধব পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। ডা. শাহাদাত হোসেন আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন। তবে বিগত ১৭ বছর চট্টগ্রামের প্রতি এক ধরনের বিদ্বেষ পোষণ করা হয়েছে। সর্বশেষ তারেক রহমান নির্বাচনী সভায় চট্টগ্রামকে সত্যিকার অর্থে বাণিজ্যিক রাজধানী করার ঘোষণা দিয়েছেন। এ লক্ষ্যেই তার নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।
অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমরা ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছি। ইনশাআল্লাহ, আমরা দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম বিমানবন্দরে চারটি এবং সিলেট বিমানবন্দরে দুটি ডেডিকেটেড উড়োজাহাজ রাখার পরিকল্পনা করছি। এর মাধ্যমে চট্টগ্রাম থেকে সরাসরি মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের পাশাপাশি ব্যাংকক, কুয়ালালামপুর ও সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হবে। আমরা ইতোমধ্যে এ বিষয়ে কাজ করছি। চট্টগ্রামবাসী যদি আমাদের এ সুযোগ দেন, তাহলে আমাদের কাজ অনেক বেশি সহজ হয়ে যাবে।
কামরুল ইসলাম বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্স তাদের বিমান বহর আরও শক্তিশালী করতে ২০২৭ সালের মধ্যে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। প্রায় ১৫০ কোটি মার্কিন ডলারের এই লিজিং চুক্তির আওতায় বহরে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ছয়টি বোয়িং ৭৩৭-৮০০ ন্যারো-বডি উড়োজাহাজ যুক্ত হবে। নতুন উড়োজাহাজ যুক্ত হলে ইউএস-বাংলার মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ৪৬টিতে। নতুন উড়োজাহাজগুলো বহরে যুক্ত হওয়ার পর ইউএস-বাংলা শুধু ঢাকাকে নয়, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকেও শক্তিশালী আঞ্চলিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে।
মেলায় দেশ-বিদেশের ভ্রমণ ও পর্যটন খাতের ২৮টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে এয়ারলাইন, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, হসপিটালিটি বিনিয়োগ প্রতিষ্ঠান, হাসপাতাল ও মেডিকেল রেফারেল সেন্টারসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান। আয়োজকেরা জানান, ট্রাভেল মার্টের প্রথম দিনেই বিপুলসংখ্যক দর্শনার্থী ও পর্যটন পেশাজীবীর সমাগম হয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ব্যবসায়িক যোগাযোগ, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সহযোগিতা এবং অংশীদারত্বের সুযোগ তৈরিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো বিমান টিকিট, হোটেলে অবস্থান ও ট্যুর প্যাকেজসহ বিভিন্ন পণ্য ও সেবায় দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার দিচ্ছে। পাশাপাশি আগ্রহী দর্শনার্থীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দিতে চিকিৎসা বিশেষজ্ঞরাও মেলায় উপস্থিত রয়েছেন। মেলা চলবে শনিবার ১০ (অক্টোবর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দ্য পেনিনসুলা চিটাগংয়ের ডালিয়া হলে দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। প্রি-রেজিস্ট্রেশন করা দর্শনার্থীরা প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত র্যাফেল ড্রয়ে বিমান টিকিট জেতার সুযোগ পাবেন। মেলায় ইউএস-বাংলা এয়ারলাইন্স ট্রাভেল মার্টের এয়ারলাইন পার্টনার এবং অনলাইন ট্রাভেল এজেন্সি বাইটিকিটস ওটিএ পার্টনার হিসেবে সহযোগিতা করছে।