বাউবিতে যুক্ত হলো চার নতুন অ্যাপ ও ডিজিটাল হাজিরা ব্যবস্থা

শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সেবা সহজ করা এবং প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) চারটি নতুন অ্যাপ ও ডিজিটাল ব্যবস্থা চালু করেছে। এগুলো হলো ‘মাইবাউ’ মোবাইল অ্যাপ, ই-অ্যাটেনডেন্স ব্যবস্থা, কর্মীদের স্মার্ট হাজিরা ব্যবস্থা এবং অভিযোগ ও সেবা ব্যবস্থাপনা ব্যবস্থা। বুধবার (১৪ অক্টোবর) বিকেলে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এসব অ্যাপ ও ব্যবস্থার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, ডিজিটাল রূপান্তরের মাধ্যমে সেবার মান বাড়ানো, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহি জোরদার করা সম্ভব। বাউবির নতুন চারটি অ্যাপ ও ব্যবস্থা এ ক্ষেত্রে ভূমিকা রাখবে। ভৌগোলিক বৈষম্য দূর করে দেশের সব শিক্ষার্থীর জন্য সমান শিক্ষার সুযোগ তৈরি করতে প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপরও গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, ক্যাম্পাস টেলিভিশন চালু, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষের পাঠ দেশব্যাপী সম্প্রচার এবং বাউবির অবকাঠামো ও জনবল দক্ষতা উন্নয়নের কাজে ব্যবহারের সুযোগ রয়েছে।
অনুষ্ঠানে ‘স্টাডি বাংলাদেশ’ পোর্টালের সঙ্গে বাউবিকে যুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন ইউজিসি সদস্য। এ ক্ষেত্রে ইউজিসি ও বাউবির সহযোগিতা আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল রূপান্তর ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা এগিয়ে নিতে নতুন অ্যাপ ও ব্যবস্থা চালু করা হয়েছে। এগুলোর কার্যকারিতা নিশ্চিত করতে নিয়মিত পর্যবেক্ষণ, মূল্যায়ন ও প্রয়োজনীয় উন্নয়ন করতে হবে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রগুলোকে নেটওয়ার্কের আওতায় আনা এবং সাইবার নিরাপত্তা জোরদারের কাজ চলছে। দক্ষতাভিত্তিক শিক্ষা সম্প্রসারণ, তৃতীয় ভাষা শিক্ষা চালু এবং প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়ে তুলতে আইটি ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং অ্যাকাডেমিক কার্যক্রমের মানোন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম। বক্তারা নতুন অ্যাপ ও ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক কাজে গতি বাড়বে এবং শিক্ষার্থীরা দ্রুত সেবা পাবে বলে মন্তব্য করেন।
নতুন চালু হওয়া ‘মাইবাউ’ মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন তথ্য ও সেবা সহজে পাবে। ই-অ্যাটেনডেন্স ব্যবস্থা শিক্ষকদের উপস্থিতি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করবে। কর্মীদের স্মার্ট হাজিরা ব্যবস্থা প্রশাসনিক জবাবদিহি বাড়াবে। অভিযোগ ও সেবা ব্যবস্থাপনা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থী ও সেবাগ্রহীতারা তাদের অভিযোগ জানাতে পারবেন এবং সেবার অগ্রগতি জানতে পারবেন। এসব উদ্যোগ বাউবির ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে দেখা হচ্ছে।